ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার রেলক্রসিং-সংলগ্ন এলাকায় বাসচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও দমকলবাহিনী জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদের দিকে যাচ্ছিল। পথে কৈডুবি সদরদী এলাকায় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে ওই ৯ যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করা হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গণেশ চন্দ্র সাহা জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে , নুরুন্নাহার বেগম (৪৫) তার মেয়ে রিমু আক্তার (২৩) রিমুর ছেলে রায়হান (আড়াই বছর) চতুর্থ নিহত ব্যক্তি অজ্ঞাত (৫৬)। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দীন জানান, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
0 মন্তব্যসমূহ