ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিশেষভাবে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এই তরুণ বিপ্লবী নেতা মারা যান।
0 মন্তব্যসমূহ