ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে যান। রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রধান উপদেষ্টা এ ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান এবং শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। ঘটনার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়।
0 মন্তব্যসমূহ