ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা অর্ধেকের বেশি কমানোর প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বাতিল না হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের মুখপাত্র আব্দুর রহমান।
তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার অবসান ঘটাতে সরকার সাত কলেজকে পৃথক করার উদ্যোগ নিয়েছে এবং একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। তবে চার মাসের সময়সীমা অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। আমরা এক মাসের মধ্যে সাত কলেজকে নিয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি এবং সেই ভিত্তিতে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার আয়োজন চাই।"
তিনি আরও জানান, "স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জাতির সামনে প্রকাশ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে শিক্ষার্থীরা নতুন সেশনের কোনো ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় হতে দেবে না।"
আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।
0 মন্তব্যসমূহ