১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এক বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়।
ড. ইউনূস ১৯৭১ সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে বলেন, “এই সমস্যাগুলো বারবার উঠে আসে। চলুন- আমরা এগুলো একসঙ্গে মীমাংসা করি, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগিয়ে যাওয়া সহজ হয়।”
শাহবাজ শরীফ জবাবে বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনেক সমস্যার সমাধান করেছে। তবে অন্য কোনো বিষয় থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে তিনি প্রস্তুত।
বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা, বাণিজ্য, খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিনিধিদলের বিনিময় বাড়ানোর ব্যাপারে একমত হন। শাহবাজ শরীফ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত সম্পর্ক গড়ার আহ্বান জানান এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের বিষয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, “আমি চাই একটি সার্ক শীর্ষ সম্মেলন হোক, এমনকি তা কেবলমাত্র একটি ফটো সেশনের জন্য হলেও, কারণ তা শক্তিশালী বার্তা বহন করবে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
0 মন্তব্যসমূহ