পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন শহিদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসি।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মেহরিম ফেরদৌসি বলেন, “এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলবেন না। বিদ্রোহ এ রকম হয় না। সবকিছুই পূর্বপরিকল্পিতভাবে করা হয়েছে। প্ল্যান করে মেরে লাশ পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এমনকি পরিবারের সদস্যদের ধরে নিয়ে হত্যা করা হয়েছে।"
এদিন শহিদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা তাদের অভিযোগ চিফ প্রসিকিউটরের কাছে জমা দেন। উপস্থিত ছিলেন তৎকালীন বিডিআরের ডিজি শহিদ মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহিদ কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমানসহ আরও ১৫ থেকে ২০ জন শহিদ পরিবারের সদস্য।
মেহরিম ফেরদৌসি আরও বলেন, “তদন্ত করলেই সত্যতা বের হয়ে আসবে এবং এটি জনসম্মুখে করতে হবে। আমরা আজও জানি না কী কারণে উনাদের হত্যা করা হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করার জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।”
শহিদ পরিবারগুলো প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানিয়েছেন এবং এই তদন্তে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ