বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। আমাদের তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ এবং তারা একটি নতুন বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।"
স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশ দ্য ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা খেতাব অর্জন করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সাময়িকীটি ড. ইউনূসের সাক্ষাৎকার নেয়।
২০২৫ সালের নির্বাচন আয়োজনের পর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "আমাকে আমার কাজ থেকে সরিয়ে এই দায়িত্বে আনা হয়েছে। আমি প্যারিসে কাজ করছিলাম, সেখান থেকে আমাকে এখানে আনা হয়েছে। তাই নির্বাচন সম্পন্ন হলে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই।"
ড. ইউনূস আরও বলেন, "তরুণ-তরুণীরা বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। তাদের ওপর মনোযোগ দেওয়া আমাদের দায়িত্ব। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ এখন আমার মন্ত্রিসভায় আছেন এবং তারা অসাধারণ কাজ করছেন। এই শতাব্দীর তরুণরা নতুন ভাবনা ও কর্মদক্ষতায় ভরপুর। তাদের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করে দেওয়া আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।"
প্রধান উপদেষ্টা দেশের অভ্যুত্থান ও উন্নয়নের পেছনে তরুণদের ভূমিকার প্রশংসা করে তাদের সম্ভাবনা কাজে লাগানোর গুরুত্ব আরোপ করেন।
0 মন্তব্যসমূহ