প্রখ্যাত গিটারিস্ট ও বাংলাদেশের ব্যান্ড মিউজিকের অন্যতম অগ্রপথিক মিনহাজ আহমেদ পিকলু আর নেই। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বন্ধু সিফাত আলতামুস এবং ‘অ্যাভয়েডরাফা’ ব্যান্ডের সদস্য রায়েফ আল হাসান রাফা।
পিকলু রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে গিটার বাজানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফা সামাজিকমাধ্যমে শোকবার্তায় জানান, “পিকলু ভাই স্টেজেই পারফর্ম করার সময় হার্ট অ্যাটাক করেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সেই ভয়ানক খবরটি কিছুক্ষণের মধ্যেই এসে যায়। তিনি মিউজিকের জন্যই জন্মেছিলেন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ ঢেলে বাজিয়েছেন।”
মিনহাজ আহমেদ পিকলু ছিলেন বাংলাদেশের রক মিউজিকের এক উজ্জ্বল নক্ষত্র। আশির দশকের মাঝামাঝি সময় থেকে তিনি রকস্ট্রাটা এবং জলি রজার্স ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকের শুরুর দিকে কিছুদিন ওয়ারফেজ ব্যান্ডে এবং ১৯৯৯ সালে অর্থহীন ব্যান্ডে যোগ দেন। তার বাজানো গিটার অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি ফ্রম হেল’, এবং ‘নির্বোধ’সহ অনেক গানকে অমর করে রেখেছে।
তার অনুপস্থিতি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। রাফা বলেন, “তিনি ছিলেন আমার প্রথম মেন্টর। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয়, তা তিনি শিখিয়েছিলেন। তার শূন্যতা কখনো পূরণ হবে না।”
মিনহাজ আহমেদ পিকলুর মৃত্যুতে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ।
0 মন্তব্যসমূহ