দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আবারও রাজপথে আন্দোলনের পরিকল্পনা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলটি তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। বিএনপির নীতিনির্ধারকরা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে সরকারের প্রতি চাপ প্রয়োগে মাঠে নামার পরিকল্পনা করেছেন।
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জানুয়ারির মধ্যে সরকারের কোনো ঘোষণা না এলে ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভা-সমাবেশ শুরু হবে।
দীর্ঘ দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার সংগঠিতভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায়। হাইকমান্ড আসনভিত্তিক প্রার্থী তালিকার খসড়া প্রস্তুত করছে এবং শরিক দলগুলোর জন্য আসন ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে বিভিন্ন আসনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
বিএনপি মনে করে, নির্বাচনমুখী সংস্কারই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।
0 মন্তব্যসমূহ