Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তারেক রহমান: স্বৈরাচার বিদায় নিতে বাধ্য, গণতন্ত্র পুনর্গঠনে ঐক্যের আহ্বান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একা নয়, বরং সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। ঠিক তেমনি দেশের পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদরাসা মাঠে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে র‍্যাবের ক্রসফায়ারে নিহত নীলফামারী বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

তিনি বলেন, “স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গেছে, তবে তাদের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা সব নির্যাতনের জবাব সহিংসতা দিয়ে নয়, বরং আমাদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেব। জনগণের আস্থা ধরে রেখে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

তারেক রহমান আরও বলেন, “বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত সবক্ষেত্রেই গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। মতপার্থক্য থাকলেও তা এমন পর্যায়ে পৌঁছানো যাবে না, যেখানে দেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়।"

অনুষ্ঠানে নিহত গোলাম রব্বানীর বড় মেয়ে রওনক জাহান রিক্তা বাবার হত্যার বিচার দাবি করেন। তারেক রহমানের পক্ষে ঘরের চাবি নিহত রব্বানীর স্ত্রীকে তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রংপুর বিভাগের আন্দোলনে নিহত ১২ নেতাকর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ