বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরবেন। দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার কার্ড করার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করবেন।

এর আগে সোমবার বিকাল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রবাসে থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি ইতোমধ্যে জানিয়েছেন। তবে এখনো ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।