বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
সোমবার বিকেলে এ তথ্য জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যেসব সংবাদ প্রকাশ হচ্ছে, তার অনেকগুলো সঠিক নয়। তিনি দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব গুজবে কেউ যেন বিভ্রান্ত না হন। পাশাপাশি চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তিনি।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, এভারকেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) আগের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন। এ বিষয়ে যেকোনো গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, “আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথাসময়ে অবহিত করা হবে।
এদিকে বিএনপি মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত সব তথ্য গণমাধ্যমে জানাবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসাসংক্রান্ত তথ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং গুজব ও বিভ্রান্তি এড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমসহ সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
0 মন্তব্যসমূহ