চট্টগ্রাম: ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার আন্দোলনের কৃতিত্ব একটি মহল হাইজ্যাক করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর ছাত্রদলের শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি নগরের ষোলোশহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানের পাশে অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, "ছাত্রদল ১৬ বছর ধরে গুম-খুন, মামলা ও নির্যাতন সয়ে রাজপথে ছিল। তাদের ত্যাগের কারণেই শেখ হাসিনা সরকারকে বিদায় করা সম্ভব হয়েছে।"
দেশে বিভক্তি নয়, ঐক্য চেয়ে আমীর খসরু বলেন, "আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ একত্রিত হয়েছে। আমরা চাই, এই ঐক্য অটুট থাকুক এবং ফ্যাসিস্ট সরকার ও তার প্রেতাত্মা আর ফিরে না আসুক।"
তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব হবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ ও সরকারের হাতে হস্তান্তর করা। সংস্কারের যেসব কথা বলা হচ্ছে, সেগুলো পরবর্তী নির্বাচিত সংসদেই হবে।"
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্যসচিব নাজিমুর রহমান।
এই সমাবেশে বিএনপি নেতারা আন্দোলনের ঐক্য ধরে রাখার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ