দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে কাতারের আমিরের উপহার দেওয়া বিশেষায়িত ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
লন্ডনের স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা। পরে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হবে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তার সঙ্গে রয়েছেন ছয়জন চিকিৎসকসহ পরিবারের সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তারা।
গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, লন্ডনের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসার জন্য সিদ্ধান্ত নেবেন।
বিদেশ যাত্রার আগে গুলশানের ফিরোজায় দলীয় নেতা-কর্মীদের ভিড় ছিল উপচে পড়া। তার যাত্রা উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।
সরকারের নিষেধাজ্ঞার কারণে তিনি ১৮ বার বিদেশ যাওয়ার আবেদন করেও অনুমতি পাননি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তার সব মামলা প্রত্যাহার করে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়।
0 মন্তব্যসমূহ