দ্বন্দ্ববিধ্বস্ত লেবানন থেকে শুক্রবার সকালে দেশে ফিরেছেন আরও ৮৫ জন বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তারা ঢাকায় পৌঁছান।
বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৭টা ২১ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা তাদের স্বাগত জানান।
ফেরত আসাদের প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া, কর্মকর্তারা তাদের কাছ থেকে লেবাননে সংঘর্ষকালীন পরিস্থিতি ও অভিজ্ঞতার কথা শোনেন।
এ নিয়ে এখন পর্যন্ত ১৬টি ফ্লাইটে লেবানন থেকে দেশে ফিরেছেন মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশি।
0 মন্তব্যসমূহ