স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিটি রোববার (৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কর্মরত রয়েছেন।
যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছি। কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।”
এ মন্তব্যটি তিনি বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সচিবালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে করেন।
এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কতজন আছে, সেই পরিসংখ্যানটা এখন আমাদের কাছে নেই। এটা যদি থাকতো তবে আমি বলে দিতাম এতজন আছে।” তিনি আরও জানান, “অনেক দেশেরই অবৈধ নাগরিক বাংলাদেশে রয়েছে, তবে কোন দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না। তবে আমরা কোনো দেশেরই অবৈধ নাগরিকদের বাংলাদেশে থাকতে দেব না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, “এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। আইনশৃঙ্খলার সঙ্গে এটা জড়িত নয়। এর কোনো সুনির্দিষ্ট কারণ নেই।”
0 মন্তব্যসমূহ