ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত “ঐক্য, সংস্কার ও নির্বাচন” শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্য দেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে সরাসরি ভূমিকা রাখার সুযোগ নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, নাগরিকরা সংস্কারের কাজের সঙ্গে যুক্ত থাকবেন।
ড. ইউনূস বলেন, "গণঅভ্যুত্থানের বিরুদ্ধশক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে।" তিনি সংস্কারের মহাযজ্ঞে সবাইকে আনন্দের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, "গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদ আমাদের দেশকে আদর্শচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। আমরা আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করব।"
0 মন্তব্যসমূহ