বাংলাদেশে গুমের ঘটনায় তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচনায় এসেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, গত দুই দশকে বাংলাদেশে শত শত গুমের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। গুমকে তিনি একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন, যা ভুক্তভোগী ও তাদের পরিবারের ওপর গভীর প্রভাব ফেলে।
প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে একজন সাবেক প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
জবাবে প্যাটেল বলেন, "আমরা অন্তর্বর্তী সরকারের তদন্ত প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং বিচার প্রক্রিয়া ন্যায় ও স্বচ্ছ রাখার আহ্বান জানাই, যাতে ভুক্তভোগী ও তাদের পরিবার সুবিচার পায়।"
এর আগে গত শনিবার (১৪ ডিসেম্বর) গুম-সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে গত ১৫ বছরে সংঘটিত গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, গুমে জড়িতদের বিচার শুরু এবং র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন।
যুক্তরাষ্ট্রের এই অবস্থান আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
0 মন্তব্যসমূহ