Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

প্রবীণ আইনজীবী ও সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই

 প্রবীণ আইনজীবী ও সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ঢাকা, ২০ ডিসেম্বর:
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রবীণ আইনজীবী এ এফ হাসান আরিফ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গতকাল বিকালে খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৩টা ৩৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।


এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দুবাই থেকে ঢাকায় ফেরার পরপরই মৃত্যুর খবর পেয়ে সরাসরি ল্যাবএইড হাসপাতালে ছুটে যান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী এবং উপদেষ্টাগণ হাসপাতালে ছুটে যান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।

১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্ম নেওয়া এ এফ হাসান আরিফ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এলএলবি সম্পন্ন করেন। ১৯৬৭ সালে কলকাতা হাই কোর্টে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যাত্রা শুরু করে পরে পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৭০ সালে ঢাকা হাই কোর্টে তালিকাভুক্ত হয়ে তিনি বাংলাদেশের বিচারাঙ্গনে নিজের অবস্থান সুসংহত করেন।

তিনি ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০০৮-২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গতকাল ইশার নামাজের পর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১টায় হাই কোর্ট প্রাঙ্গণে আরেক দফা জানাজা হবে। তাঁর মেয়ে বিদেশে অবস্থান করছেন, তিনি দেশে ফেরার পর দাফনের সময় নির্ধারিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ