Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে একজন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে বাকি চারজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাগলার চরের জমি এখনো সরকারি ভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপাসামছু বাহিনী চরের কিছু জমি বিক্রি শুরু করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমি দখলে নিতে তৎপর হয় এবং তারা আরও বেশি দামে জমি বিক্রি করে। এতে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জমি দখলকে কেন্দ্র করে কোপাসামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে এসে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে আলাউদ্দিনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজন ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ