সিঙ্গাপুরে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম ও তার পরিবারের সদস্যদের ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক এবং ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পৃথক দুটি আদেশে এ নির্দেশনা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দিয়েছেন।
এস আলম গ্রুপের যাদের সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম, ভাই মোহাম্মদ আবুদুল্লাহ হাসান, ওসমান গনি, রাশেদুল আলম, শহিদুল আলম, এস আলমের ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম মাহির, আসাদুল আলম, ওসমানের স্ত্রী ফারজানা বেগম এবং এস আলমের ভাই আবদুস সামাদের স্ত্রী শাহ ফেরদানা অন্তর্ভুক্ত রয়েছেন।
দুদক কর্মকর্তারা উল্লেখ করেন, এস আলম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ টাকা জমা দিয়েছেন এবং তাদের স্থাবর সম্পদ রয়েছে, যা পাচার বা স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এগুলো অবরুদ্ধ করা জরুরি।
গত বছরের ৭ অক্টোবর, একই আদালত এস আলম ও তার পরিবারের ১১ সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
0 মন্তব্যসমূহ