যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির গুরুত্বপূর্ণ নেতা এবং ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ব্রিটেনে হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ এবং ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের টিকিট নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।
অন্যদিকে, বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রাশিয়ার অর্থায়নে নির্মিত এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তার আন্তর্জাতিক ভাবমূর্তিতে আঘাত হানে।
ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলেছিল, দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা একজন মন্ত্রীর নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা অগ্রহণযোগ্য। এই চাপের মুখে টিউলিপ পদত্যাগ করেন।
টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে ব্রিটেনের রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। তার পদত্যাগ লেবার পার্টির জন্য বড় একটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
0 মন্তব্যসমূহ