Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্ববাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক বাণীতে তাঁরা নতুন বছরে সবার জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।


রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। খ্রিস্টাব্দ আমাদের জাতীয় ও প্রাত্যহিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর, বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে, আমাদের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনা নিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে সচ্ছল সমাজ এবং রাষ্ট্রের উচিত দুস্থ ও পশ্চাদপদ মানুষের সহায়তায় এগিয়ে আসা। পাশাপাশি নববর্ষ উদযাপন যেন কারও জন্য বিষাদের কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার বাণী
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নতুন বছরের আগমনী বার্তা আমাদের অনুপ্রাণিত করে। চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে পৌঁছানোর অঙ্গীকার করছে অন্তর্বর্তীকালীন সরকার।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের ঋণ শোধে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করে সন্ত্রাসবাদ প্রতিহত করার অঙ্গীকারও ব্যক্ত করছি।”

নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ, ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ