বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গতকাল রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবি উপেক্ষা করে সরকার হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে দাবি করেন জামায়াত আমির। তিনি বলেন, “নারী, শিশু, বৃদ্ধ—কেউ তাদের নির্মমতা থেকে রেহাই পায়নি। ফ্যাসিবাদী শাসকরা ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখলেও জনগণ তাদের সে সুযোগ দেবে না।”
তিনি বলেন, আওয়ামী লীগ তাদের অপশাসনের মাধ্যমে ব্যাংক, বীমা, ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব সেক্টর ধ্বংস করে দিয়েছে। জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। তিনি রাজনীতিকদের জনগণের আস্থায় রাজনীতি করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন মীর কাসেম আলীর স্মৃতি স্মরণ করেন। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার অন্যায়ভাবে মীর কাসেম আলীকে হত্যা করেছে। এর বিচার এই মাটিতেই হবে ইনশা আল্লাহ।”
সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত সুধীদের মাঝে আত্মকর্মসংস্থানের সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ