দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকার পর বীর বিক্রম মেজর শরিফুল হক ডালিম প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন। রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ টকশোতে উপস্থিত হয়ে তিনি বহু বিতর্কিত বিষয়ে মন্তব্য করেন।
মেজর ডালিম দেশের নতুন প্রজন্মকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমান প্রজন্মের অর্জন এখনও সম্পূর্ণ হয়নি।" তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ভারতের সম্প্রসারণবাদী নীতির কবলে পড়েছে এবং দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রসঙ্গে মন্তব্য করেন যে, এটি কাজী নজরুল ইসলাম বা অন্য দেশীয় কবিদের রচনা হওয়া উচিত ছিল। ভিনদেশী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা বিরল ঘটনা বলে উল্লেখ করেন।
মেজর ডালিমকে "বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি" হিসেবে উল্লেখ করে সাংবাদিকরা তার লাইভ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চান। তবে, সোমবার পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শনের সময় লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইলিয়াস হোসেনের এই লাইভ টকশোতে ডালিমের উপস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটি মাত্র ১৬ ঘণ্টায় সোয়া কোটির বেশি বার দেখা হয়েছে, যা সাম্প্রতিক বাংলা কন্টেন্টের ক্ষেত্রে একটি রেকর্ড।
মেজর ডালিম ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় জড়িত ছিলেন। তিনি সেদিন বাংলাদেশ বেতারে হত্যাকাণ্ডের ঘোষণা দেন। ’৭৫ পরবর্তী সরকার তাকে বিভিন্ন বিদেশি মিশনে নিয়োগ দেয়।
ডালিমের এই প্রকাশ্য উপস্থিতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, এবং তার বক্তব্য নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
0 মন্তব্যসমূহ