আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে রাজনৈতিক ও বিচার বিভাগীয় সংস্কারের কোনো বিকল্প নেই। তিনি সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে এ কথা বলেন।
ড. আসিফ নজরুল জানান, সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন মৌখিক সম্মতি দিয়েছেন। তিনি বলেন, "জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়িত হলে ভবিষ্যতে রাজনৈতিক সরকারগুলো সহজে সেগুলো পরিবর্তন বা বাতিল করতে পারবে না।"
তিনি অভিযোগ করেন, "উচ্চতর বিচার বিভাগকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, যা ফ্যাসিবাদী সরকারের পক্ষে ব্যবহৃত হয়েছে। অনেককে দোষী প্রমাণ ছাড়াই দীর্ঘ সময় আটক থাকতে হয়েছে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়মিত হলে ক্ষমতাসীন দল বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এতটা স্বৈরাচারী আচরণ করতে পারত না।"
উচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনটি সংস্কার প্রস্তাবের মাধ্যমে এ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।"
সংস্কারের জন্য বছরখানেক সময় চেয়ে তিনি আশাবাদ প্রকাশ করেন যে, এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
0 মন্তব্যসমূহ