Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তরুণ মুশফিকুর ইফাতের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

গত ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় ছাগল কেনার বুকিং দিয়ে আলোচনায় আসা মুশফিকুর ইফাতের (২০) বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত রোববার আফরোজা বেগম নামে এক নারী ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন। ইফাত আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।


মামলার অভিযোগে বলা হয়, ইফাতের নেতৃত্বে ধানমন্ডি ও লালমাটিয়া এলাকায় একটি গ্যাং সক্রিয়। গত ৭ ডিসেম্বর ধানমন্ডি এলাকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল হামিদ সোয়াদ (১৬)-এর ওপর হামলা চালায় ইফাত ও তার গ্যাং। মামলায় ইফাতসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে—শেখ রাফিত রহমান (২১) ও তাসরিফ (১৯)এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়েছে।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, ইফাতের বিরুদ্ধে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ তা তদন্ত করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর ইফাত মালয়েশিয়ায় চলে যান। দেশে ফিরে তিনি লালমাটিয়া ও ধানমন্ডিতে গ্যাং কার্যক্রমে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, ইফাতের গ্যাং প্রায়ই মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

আফরোজা বেগম জানান, গত বছর ধানমন্ডিতে একটি গাড়িচাপার ঘটনা আমার ছেলে দেখে ফেলে। সেই ঘটনার তথ্য পুলিশকে দেওয়ায় ইফাত আমার ছেলেকে টার্গেট করে। তারা একটি ভবনের রুমে নিয়ে গিয়ে তার ওপর হামলা চালায়।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ