সুইজারল্যান্ড ভারতকে দেওয়া বিশেষ সুবিধা ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) মর্যাদা বাতিল করেছে। এই পদক্ষেপের ফলে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে, এমএফএন মর্যাদা পাওয়া দেশকে শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা প্রদান করতে হয়। তবে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
সুপ্রিম কোর্টের ওই রায়ে বলা হয়, ভারতীয় আয়কর আইনের ৯০(১) ধারা অনুযায়ী কোনো প্রজ্ঞাপন ছাড়া ‘দ্বৈত কর নিরসন চুক্তি’ কার্যকর হবে না। ফলে, সুইস ফাইন্যান্স বিভাগ বুধবার জানায়, আগামী বছরের ১ জানুয়ারি থেকে ভারতকে দেওয়া এমএফএন সুবিধা স্থগিত করা হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর উৎসে কর হার ১০ শতাংশে ফিরে যাবে, যা ২০২১ সালে ৫ শতাংশে নামানো হয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিষয়টি নিয়ে ভবিষ্যতে ইফটা (ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি)-র সঙ্গে আলোচনা হতে পারে।
সুইজারল্যান্ডের এই পদক্ষেপ ভারত-সুইস অর্থনৈতিক সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
0 মন্তব্যসমূহ