জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
পবিত্র আল কুরআনের আলোকে বক্তব্য দিতে গিয়ে ড. আজহারী বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির স্থাপন করেছে। তিনি চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পর মুসলিম সম্প্রদায়ের ধৈর্য এবং মন্দির পাহারায় মাদ্রাসার ছাত্রদের সম্প্রীতির উদাহরণ উল্লেখ করেন। তবে তিনি প্রতিবেশী দেশ ভারতের গুজব ছড়ানো এবং প্রভুত্বমূলক আচরণের সমালোচনা করেন।
ভয়েস অব আমেরিকার একটি জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘুরা আগের চেয়ে নিরাপদে আছে। বিপরীতে, গুজব ছড়ানোর ক্ষেত্রে ভারত শীর্ষ অবস্থানে রয়েছে। তিনি এ ধরনের আচরণ বন্ধ করার আহ্বান জানান।
ড. আজহারী আরও বলেন, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের মধ্যে আলোচনা করে ঐক্যের উদাহরণ সৃষ্টি করা জরুরি। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরাশক্তিগুলো যেন বাংলাদেশকে দুর্বল ভেবে অযাচিত দাবি না করে, যেমন ট্রানজিট সুবিধা বা সেন্টমার্টিনের মালিকানা। তাই দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
১২ ঘণ্টাব্যাপী এই তাফসির মাহফিল সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। হাজারো মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেন এবং ড. মিজানুর রহমান আজহারীর জাতীয় ঐক্যের আহ্বান ব্যাপক সাড়া ফেলে।
0 মন্তব্যসমূহ