আজ মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণ সংক্রান্ত একটি হালনাগাদ সতর্কতা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে, যা জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা, এবং রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন স্থানে ঘটতে পারে।
কিছু সন্ত্রাসী গোষ্ঠী ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রাখেন এমন ব্যক্তিদের টার্গেট করছে। মাঝেমধ্যে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা হয়েছে।
হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা নস্যাৎ করতে কাজ করছে। স্বল্প সময়ের নোটিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
যুক্তরাজ্যের হাইকমিশন বিদেশি নাগরিকদের জন্য কিছু সতর্কতা প্রদান করেছে, চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে, বিশেষ করে পুলিশ স্টেশনগুলোর আশপাশে। বড় ধরনের সমাবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি-সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
হাইকমিশন জানায়, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যাতে অনেকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে। রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে এবং এগুলো দ্রুত সহিংসতায় রূপ নিতে পারে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করতে পারে।
ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে। ডাকাতি, সহিংস অপরাধ, এবং ধর্ষণের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের হাইকমিশন। এই পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের জন্য নিরাপত্তা এবং সতর্কতা অপরিহার্য। সুত্রঃ প্রথম আলো

0 মন্তব্যসমূহ