সরকারের প্রশাসনিক সদর দফতর সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ঘটনায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া দুর্নীতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থ লোপাট ও দুর্নীতির তদন্তে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও মিলেছে। আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত যে বা যারা থাকুক, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও জানান, বর্তমানে আমি নীলফামারিতে অবস্থান করছি। দ্রুত ঢাকায় ফিরে ঘটনাস্থল পরিদর্শন করব।" ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় তারা।সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ১৯টি ইউনিটের সঙ্গে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা সহায়তা করেন। আগুনে ক্ষতিগ্রস্ত নথি এবং তথ্যের পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। উপদেষ্টা আসিফ মাহমুদের অভিযোগে মন্ত্রণালয়ের চলমান দুর্নীতিবিরোধী কার্যক্রমে বাধা দেওয়ার উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি মোতায়েনের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সরকারি মহল থেকে প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ