দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা রেলস্টেশন থেকে ট্রেনটি প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
ট্রেনটি ৫৫৩ জন যাত্রী নিয়ে খুলনা থেকে যাত্রা শুরু করে। এতে ৭৬৮টি আসনের মধ্যে প্রায় ৬৯ শতাংশ আসন পূর্ণ হয় খুলনা থেকেই। খুলনা, নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, কাশিয়ানী এবং পদ্মা সেতু হয়ে এটি সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
নতুন এই রুট চালুর মাধ্যমে ঢাকা-খুলনার মধ্যকার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। সময়ও সাশ্রয় হচ্ছে, যাত্রাপথে লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। যাত্রীদের ভাড়াও পূর্বের তুলনায় কম হওয়ায় তারা সন্তুষ্ট।
জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটিতে রয়েছে ১১টি যাত্রীবাহী কোচ এবং একটি লাগেজ ভ্যান। ট্রেনটি সাপ্তাহিক ছুটি সোমবার বাদে প্রতিদিন খুলনা থেকে সকাল ৬টায় যাত্রা করবে এবং ঢাকা থেকে রাত ৮টায় রওনা হবে। এটি ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে এবং ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ নামে চলবে।
নতুন ট্রেন চলাচল নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ বেশ উচ্ছ্বসিত। রেলওয়ের এই উদ্যোগকে যুগান্তকারী হিসেবে বিবেচনা করছেন তারা। খুলনা রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. আশিক আহমেদ বলেন, "এটি একটি বড় উদ্যোগ, যা যাত্রীসেবার মান বাড়াবে এবং ঢাকা-খুলনা রুটে যাতায়াতকে আরও সহজ করবে।"
নতুন রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চালুর ফলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে সময় ও খরচ কমে গেল। পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল দেশের রেল পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
0 মন্তব্যসমূহ