বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন। নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, "আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। উনার এ বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, যার মূল উদ্দেশ্য গণতন্ত্র পুনরুদ্ধার।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল জানান, তার বিরুদ্ধে থাকা মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলাগুলো প্রত্যাহার বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলেই তিনি দেশে ফিরবেন।
গত ৩০শে নভেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার পর সেখানে তারেক রহমান ও বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। দেশে ফিরে তিনি দাবি করেন, বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে—এমন ধারণা সম্পূর্ণ ভুল।
তার মতে, বাংলাদেশে চলমান সমস্যাগুলোর সমাধান নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। এজন্য বিএনপি ন্যূনতম সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে।
0 মন্তব্যসমূহ