জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, "যুদ্ধ যদি তারা (ভারত) শুরু করে, তাহলে এই যুদ্ধ তাদের দেশে গিয়েই শেষ হবে।"
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "বাংলাদেশি প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শেখানো হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।"
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, "ভারত মুক্তিযুদ্ধের সময় বন্ধু ছিল, কিন্তু বর্তমানে তারা নিজেদের স্বার্থসিদ্ধিতে শেখ হাসিনাকে ব্যবহার করছে। ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে বাংলাদেশ-ভারত সুসম্পর্ক সম্ভব নয়।"
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সাদেক খান সঞ্চালনা করেন। সমাবেশ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল তোপখানা সড়ক প্রদক্ষিণ করে।
0 মন্তব্যসমূহ