ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগ নেতার বাড়িতে হত্যার পর এক নারীর লাশ মাটি খুঁড়ে পুড়িয়ে গুম করার চেষ্টার ঘটনায় নিহতের পরিচয় পাওয়া গেছে। নিহত নারীর নাম হরলুজা বেগম। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়া শানুর মাদকাসক্ত ছেলে ফারহান ভূঁইয়া রনি ভোররাতে হরলুজা বেগমকে হত্যা করে। পরিত্যক্ত ঘরে মাটি খুঁড়ে লাশ পুড়িয়ে গুম করার চেষ্টা করে রনি। পরে পাশের পুকুরপাড় থেকে খণ্ডিত মস্তক ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রতিবেশী এনামুল ও তার ভাই রুমান জানান, তাদের হাঁস চুরি হওয়ার সন্দেহে শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়িতে গিয়ে টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। রনির কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা একত্রিত হয়ে গর্তে পুড়ে থাকা মরদেহ দেখতে পান। পরে রনিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত রনি একজন চিহ্নিত মাদকাসক্ত ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় রনির পিতা যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়া শানু পলাতক রয়েছেন।
পুলিশ নিশ্চিত করেছে, ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
0 মন্তব্যসমূহ