শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে পাক-হানাদার বাহিনী বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। তিনি উল্লেখ করেন, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করা হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা হবে বলে আশা করা যায়। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এ ব্যাপারে তারা সহযোগিতা করছেন।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ