মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মীরা তাকে সাভার সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতালে) ভর্তি করেন। বর্তমানে সিএমএইচে তার চিকিৎসা চলছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল তার পাশে রয়েছেন।
বিএনপি মহাসচিবের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিএমএইচের চিকিৎসকরা জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। মহাসচিবের কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন রয়েছে, যা সিএমএইচেই সম্পন্ন করা হবে। সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
0 মন্তব্যসমূহ